নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিস কক্ষে অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং কর্মপরিবেশ পরিচ্ছন্ন রাখতে ১১ দফা নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয় থেকে অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখতে নির্দেশ দেওয়া হলেও তা যথাযথভাবে প্রতিপালন হচ্ছে না। এ প্রেক্ষাপটে আগের দুটি চিঠির আলোকে নতুন করে ১১টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোতে বলা হয়- প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ কক্ষে অবস্থান নিশ্চিত করতে হবে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সংযম দেখাতে হবে এবং জানালা-দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালে প্রয়োজন অনুযায়ী সীমিতসংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।
এছাড়া কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার না করা এবং অফিস সময় শেষে সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ছাড়া অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে অফিস কক্ষ, করিডর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে।