নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার রাজশাহী সফর করেছেন। চার সদস্যের সফরসঙ্গী নিয়ে তিনি রাজশাহীর আম শিল্প, কৃষি সম্ভাবনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। সফরের অন্যতম আকর্ষণ ছিল দেশের অন্যতম বৃহৎ আমের পাইকারি বাজার বানেশ্বর আম হাট পরিদর্শন।
সকাল ৮টা ১৬ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা। বিমানবন্দর থেকে তারা সরাসরি পুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর আম হাট হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির উদ্দেশে রওনা হন।
সকাল ৯টার দিকে রাষ্ট্রদূত বানেশ্বর আম হাট পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে তিনি বিভিন্ন আমের আড়ত ঘুরে দেখেন এবং স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। রাজশাহীর বিখ্যাত বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি কয়েক ধরনের আমের স্বাদও গ্রহণ করেন। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা তাঁকে আম উৎপাদন, বাজারজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে এসে আমি সত্যিই আনন্দিত।”
তিনি আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। ফলে কোনো কৃষিপণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা এবং স্বাদ নেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, “আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় হিমায়িত আম পাওয়া যায়। রাজশাহীর মতো এত তাজা ও সুস্বাদু আম সেখানে সহজলভ্য নয়।” আম রপ্তানি সম্প্রসারণে উন্নত কোল্ড চেইন ও সংরক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রপ্তানি ও সংরক্ষণ সুবিধা আরও উন্নত করা গেলে বাংলাদেশের আম আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
স্থানীয় ব্যবসায়ী ও কৃষকেরা মনে করছেন, মার্কিন রাষ্ট্রদূতের এই সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক বাজারে আরও পরিচিত করে তুলবে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।