নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরএমপি সূত্রে জানা গেছে, চন্দ্রিমা, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের সমন্বিত মাদকবিরোধী অভিযানে এই সাফল্য আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ২,০৫৫ পিস ইয়াবা ও ১৫ কেজি গাঁজা আরএমপির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাদক চালান। একই সঙ্গে মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট নগদ ৩৯ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএমপি কর্মকর্তারা বলেন, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।