অনলাইন ডেস্ক:

চাঁদ দেখা সাপেক্ষে দেশে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, ঈদের সম্ভাব্য দিনগুলোতে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
একই ধরনের আবহাওয়া ২১ মার্চও বিরাজ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ওই দিনও দেশের বেশিরভাগ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে ২১ মার্চ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসের কারণে ঈদে বাইরে বের হওয়া বা ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।