বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক রদবদলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নতুন অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি মো. আবুল বাশার তালুকদার। গত ৫ মে ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। তিনি বর্তমান অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সিআইডিতে দায়িত্ব পালনকালে জটিল ও “ক্লুলেস” মামলার রহস্য উদঘাটনে দক্ষতার পরিচয় দিয়ে আলোচনায় আসেন আবুল বাশার তালুকদার। বিশেষ করে সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি এবং আন্তর্জাতিক অর্থপাচার সংক্রান্ত তদন্তে তার নেতৃত্বে সিআইডি একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে।
বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের সাম্প্রতিক ঘটনাও তার নেতৃত্বাধীন তদন্ত কার্যক্রমের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্সভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফই (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ)-এর মাধ্যমে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি, তা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিআইডি।
রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি আবুল বাশার তালুকদার জানান, প্রতারণার শিকার বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল। ব্লকচেইন বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে অর্থের অবস্থান শনাক্ত করা হয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় তা দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
তদন্তে আরও উঠে আসে, এমটিএফই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করত। প্রথমদিকে কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর হঠাৎ কার্যক্রম বন্ধ করে বিপুল অর্থ বিদেশে সরিয়ে নেয় চক্রটি। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের নিবিড় তদন্তে প্রতারণার পুরো নেটওয়ার্ক শনাক্ত করা হয়।
পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সিআইডিতে অর্জিত তার দীর্ঘ অভিজ্ঞতা রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় তার দক্ষতা ডিএমপির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান আবুল বাশার তালুকদারের এই পদায়নে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, ঢাকা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ্ আলম সুরমা।
তিনি বলেন, “আবুল বাশার তালুকদার একজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তা। তিনি সবসময় ন্যায় ও সত্যের পক্ষে কাজ করেছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে ডিএমপির বিদায়ী অতিরিক্ত কমিশনার সানা শামীনুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে আরও জনমুখী, দক্ষ ও কার্যকর করতেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।