নিজস্ব প্রতিবেদক, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলায় সড়কে হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সারদা ইউনিয়নের বালুদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটিয়াকান্দি এলাকার টুটুল (২৫) ও সজীব (২৫) মোটরসাইকেলে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে বালুদিয়াড় মণ্ডল এলাকার একটি নির্জন স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা টুটুল ও সজীবকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে এবং ছুরি দিয়ে আঘাত করে। এতে টুটুল গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে চারঘাট মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) তুহিন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।