নিজস্ব প্রতিনিধি:
তানোর-এ চৈত্রের তাপদাহ ও প্রচণ্ড রোদে চরম অস্বস্তিতে পড়েছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। তীব্র গরমের কারণে হাটবাজারেও মানুষের উপস্থিতি কমে গেছে।
গত কয়েকদিন ধরে হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। এতে কৃষিকাজসহ স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের অন্যতম এলাকা তানোরে বর্তমানে পুরোদমে চলছে আলু উত্তোলন ও বোরো ধান রোপণ। পাশাপাশি বিল কুমারী বিলের জমিতে রোপণকৃত বোরো ধানের পরিচর্যাও অব্যাহত রয়েছে।
তবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষি শ্রমিকরা দুপুর ১টার আগেই মাঠের কাজ শেষ করে ফিরতে বাধ্য হচ্ছেন। তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের কৃষক জাহাঙ্গীর জানান, সকাল থেকেই রোদের তাপ অসহনীয় হয়ে ওঠে। তেলের সন্ধানে মুন্ডুমালায় যাওয়ার সময় তিনি গরমের তীব্রতা অনুভব করেন। বাতাস না থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে, ফলে দিনের বেলায় সেচ কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।
একই এলাকার শ্রমিক সোলাইমান বলেন, দুপুর ১টার পর রোদের তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা বেশি থাকায় শ্রমিকদের কাজ করতে চরম কষ্ট হচ্ছে।
আবহাওয়া সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তানোরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। চলতি সপ্তাহজুড়েও এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।