নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিন সদস্যের এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কলেজের এক নারী শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২ অধিশাখা) আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।