নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। তার বাবা স্থানীয়ভাবে একজন পশু চিকিৎসক হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় সড়কে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়। পরে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রেখে তিনি আত্মগোপনে যান বলে জানা গেছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।