নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ

নাটোরে মোটরসাইকেলের ইনডিকেটর লাইট ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউসার আলী (২৫) ও শ্যালক শাহিন সজল আহত হয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী হাফিজ উদ্দিন, তার মামাতো ভাই ইমন ও মামা আব্দুল হাইসহ তাদের পরিবারের সদস্যরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির গলিতে মোটরসাইকেল রাখেন কাউসার আলী। একই গলি দিয়ে আসবাবপত্র নেওয়ার সময় মোটরসাইকেলের ইনডিকেটর লাইট ভেঙে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে আব্দুল হাই শাহিন সজলকে চড় মারেন। এতে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে রাত দেড়টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হলে আবুল কালাম, কাউসার আলী ও শাহিন সজল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আবুল কালামের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ দাফনের প্রক্রিয়া চলায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।