নিজস্ব প্রতিবেদক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ও রাজশাহীর গোদাগাড়ীর কৃতী সন্তান ড. এম রেজাউল হক আর নেই। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন এবং দীর্ঘ সময় সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসর নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা ছিলেন প্রয়াত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা প্রয়াত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
ড. রেজাউল হকের পরিবার দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও সামরিক অঙ্গনেও সুপরিচিত। তার বড় ভাই ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।
পারিবারিক সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রেই ড. রেজাউল হকের দাফন সম্পন্ন হবে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় শোকের আবহ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।