নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির অন্তত ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে স্থানীয় সূত্রে ৯টি বগি লাইনচ্যুত হওয়ার কথাও বলা হচ্ছে। এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা নিচে পড়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো দ্রুত লাইনে তুলে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দল কাজ করছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে।” তবে এ ঘটনায় ট্রেন চলাচলের সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণ সম্পর্কে মন্ত্রী জানান, ঘটনাস্থলে রেললাইনের কাজ চলছিল এবং সতর্কতার জন্য লাল পতাকা দেওয়া ছিল। ওই অংশ অতিক্রম করার সময় ট্রেনের গতি কমানোর কথা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। এ কারণে চালকের গাফিলতিকে প্রাথমিকভাবে দায়ী করে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
অন্যদিকে, সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি সান্তাহার স্টেশনে বিরতির পর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক যাত্রী থাকায় কয়েকজন নিচে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।