নিজস্ব প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার চকশহবত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পত্নীতলা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, চকশহবত গ্রামের খাজামুদ্দিনের খুঁটি পুকুর সংলগ্ন সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ধামইরহাট উপজেলার লোদিপুর গ্রামের মৃত আবছেরের ছেলে আবু তাহের (৪৫) এবং একই গ্রামের মৃত মখছেদুলের ছেলে তৌহিদ (৩৫)।পুলিশ জানায়, আবু তাহেরের ব্যাগ থেকে ৩৫ বোতল এবং তৌহিদের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।