নিজস্ব প্রতিনিধি, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত তিনি পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সারেংপুর ও সুলতানগঞ্জ এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ভাঙ্গনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগীদের দুর্দশা ও সমস্যা মনোযোগ সহকারে শোনার পর তিনি জানান, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙ্গন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সংসদ সদস্য বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদী শাসন ও প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। এতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নদী ভাঙ্গন রোধ ও বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের কাজ জোরদার করা হবে।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবাইদুল্লাহ, চর আষাড়িয়াদহ ইউনিয়ন সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক রাফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তারা ভাঙ্গন রোধে সরকারের পক্ষ থেকে দ্রুত ও স্থায়ী সমাধান কামনা করেছেন।