নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার সাঁথিয়া উপজেলায় বাজার থেকে ফেরার পথে আফছার সরদার (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহত আফছার সরদার ওই গ্রামের কাজিলাল সরদারের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় একটি বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন আফছার। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
আফছারের চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় আফছারের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা আবেদা খাতুন বলেন, “আমার ছেলেটা খুব সহজ-সরল ছিল। কাজ ছাড়া কিছু বুঝত না। যারা তাকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।”
নিহতের মেয়ে আমেনা খাতুন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।