নিজস্ব প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার দুপুরে রাজশাহীর বেলপুকুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত করা হয়েছে পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগীর স্বামীকে। হামিদ ফকিরের বাড়ির পাশেই তাঁর আস্তানা রয়েছে, যেখানে নিয়মিত ভক্তদের আনাগোনা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি বাজারে যাওয়ার কথা বলে স্বামী তাঁকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় তাঁর হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে কয়েক দিন পর ওই নারী সেখান থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।