নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনের দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। ইউরো-মেডিটেরিনিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। ইউরোপিয়ান মেডিটারিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে বাংলাদেশের খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার শহর তাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রোবায়েত কবীর জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে সৃষ্ট এই ভূমিকম্পটির অবস্থান ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপ কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।