নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান (রিটন)-এর নির্দেশনায় মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডে মশা নিধন ও আসন্ন বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) পরিচালিত এই অভিযানে ওয়ার্ডের বিভিন্ন ড্রেন থেকে কাদা ও ময়লা অপসারণ করা হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
এদিকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়া, ডাবের খোসা, ভাঙা হাঁড়ি, ফুলের টবসহ যেসব স্থানে মশা ডিম পাড়তে পারে সেগুলো দ্রুত অপসারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা গড়ে উঠলে মশার উপদ্রব অনেকাংশে কমানো সম্ভব।

“গ্রীন সিটি, ক্লিন সিটি” গড়ে তুলতে সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।