নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় আগুনে পুড়ে এক তরুণের একমাত্র সম্বল দুটি গরু মারা গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত মিলন হোসেন পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মশা থেকে রক্ষা পেতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রাখেন মিলন হোসেন। রাতে ঘুমিয়ে পড়ার পর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত দেড়টার দিকে গোয়ালঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো গোয়ালঘরে। পরে মিলনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের ডাকা হয়। পরে আশপাশের বাড়ি থেকে বালতি ও পাতিলে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টায় আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা গেলেও গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়।
মিলন হোসেন জানান, অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালানোর পাশাপাশি ঋণ করে গরু কিনে পালন করছিলেন তিনি। লাভের আশায় গরু দুটি বড় করছিলেন। আর সাত-আট দিনের মধ্যে একটি গাভী বাচ্চা প্রসব করার কথা ছিল। আগুনে গরু দুইটি পুড়ে মারা যাওয়ায় তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। মিলন হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আর কিচুই থাকলো না। একরাতেই সব শ্যাষ হইয়া গেল।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।