নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়া সাজেদুর রহমানের (৩২) মরদেহ প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নৌকায় করে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। প্রায় তিন ঘণ্টার অনুসন্ধানের পর নদী থেকে সাজেদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। পরে ডুবুরি দলের সহায়তায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।