নিজস্ব প্রতিবেদক:
বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক। সভায় বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিচারপ্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা এবং আন্তঃদপ্তর সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক সমন জারি, গ্রেফতারি ও হুলিয়া পরোয়ানা তামিল, সাক্ষী হাজিরকরণ, তদন্ত কার্যক্রমের জটিলতা নিরসন, মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদন সময়মতো আদালতে প্রেরণ, ফরেনসিক ও ভিসেরা রিপোর্ট সংগ্রহ, আলামত উপস্থাপন ও নিষ্পত্তি এবং বিচারাধীন আসামিদের আদালতে হাজিরকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
কনফারেন্সে রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেট ছাড়াও পিবিআই, র্যাব, সিআইডি, ডিবি পুলিশ, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, কারা কর্তৃপক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বিজিবি প্রতিনিধি, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর, প্রবেশন অফিসার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও করণীয় বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।