নিজস্ব প্রতিবেদক: “পুলিশ জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী যখন জনসেবামুখী কার্যক্রমে এগিয়ে যাচ্ছে, তখন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ হয়ে উঠেছেন এর এক উজ্জ্বল উদাহরণ। পেশাগত দক্ষতা, মানবিকতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে তিনি একজন আধুনিক ও প্রগতিশীল পুলিশ কর্মকর্তার প্রতিচ্ছবি গড়ে তুলেছেন।
নেতৃত্বগুণে সহকর্মীদের অনুপ্রাণিত করা, কঠিন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি রেখেছেন বিশেষ অবদান। বগুড়ার সন্তান আবুল কালাম আজাদ ২০০৭ সালে এসআই হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার পর তিনি পবা, শাহমখদুম ও ধামইরহাট থানায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আত্রাই থানার ওসি হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ২৩ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর তিনি বেলপুকুর, চন্দ্রিমা, বোয়ালিয়া মডেল ও মতিহার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১৮ এপ্রিল ২০২৬ রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। তার নেতৃত্বে থানার কার্যক্রমে এসেছে গতি, বেড়েছে জনআস্থা এবং উন্নত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়েছেন নানা কার্যকর উদ্যোগ।
চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। একইসঙ্গে অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন নিরলসভাবে। তার নেতৃত্বে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হয়নি বলেও দাবি সংশ্লিষ্টদের। জনসেবামূলক মনোভাব, সততা ও নিষ্ঠার কারণে তিনি নগরবাসীর কাছে একজন আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার উদ্যোগে থানাগুলোতে সেবার মান বৃদ্ধি পেয়েছে এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাসও বেড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি আবুল কালাম আজাদ বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা কাজ করছি। রাজপাড়া এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা, সহকর্মীদের আন্তরিকতা এবং জনগণের সহযোগিতায় আমরা সফলতা অর্জন করছি। ভবিষ্যতেও অপরাধ দমনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।