ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের অংশ হিসেবে একটি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যু’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
শুক্রবার ফ্লোরিডার এক সমাবেশে ট্রাম্প বলেন, আমরা জাহাজের ওপর চড়াও হলাম এবং সেটি দখল করলাম। আমরা কার্গো এবং তেল দখল করলাম। এটি খুব লাভজনক ব্যবসা। এ সময় সমবেত জনতার করতালির মধ্যে তিনি আরও বলেন, আমরা জলদস্যুদের মতো কাজ করছি। তবে আমরা কোনো খেলা খেলছি না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বিমান হামলাকে কেন্দ্র করে। হামলার পর থেকেই তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর জবাবে গত মাসে পাকিস্তান শান্তি আলোচনায় কোনও অগ্রগতি না হওয়ায় ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
এই অবরোধ কার্যকরের বিষয়ে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার পর্যন্ত অবরোধ নিশ্চিত করতে তারা ৪৫টি জাহাজকে ভিন্ন পথে পাঠিয়েছে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ এপ্রিল মাসে সাংবাদিকদের জানিয়েছিলেন, এই অবরোধ ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে।