নিজস্ব প্রতিবেদক: রাজশাহীকে একটি আধুনিক, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয়ের কথা জানান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের গ্রহণ করা পরিকল্পনা এবং সিনিয়র নেতৃবৃন্দের প্রণীত মাস্টারপ্ল্যানের ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নগরীর সার্বিক উন্নয়ন আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। রাজশাহীকে এমন একটি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করা হবে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে এবং আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে সক্ষম হবে।
সেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আরডিএর উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবাসমূহ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত সেবা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ সুইট বলেন, আরডিএকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। অতীতে সংঘটিত কোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা সাংবাদিক ও সচেতন নাগরিকদের মাধ্যমে জানাতে তিনি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নেন নবনিযুক্ত চেয়ারম্যান। পরে কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং আরডিএ কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।