নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরাবরের মতো এবারও রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম রূপোশ (র.) দরগা মসজিদে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ মার্চ অনুষ্ঠিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাতের জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। ঈদের দিন নামাজের আগে মুসল্লিদের সঙ্গে সেখানে শুভেচ্ছা বিনিময় করবেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
জেলা পর্যায়ের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর উদ্যাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর অন্য ঈদগাহগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় নগরীর টিকাপাড়ায় মহানগর ঈদগাহ অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে, যেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। এছাড়াও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়।
এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) ঈদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক।
এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এরপর রাসিক প্রশাসক টিকাপাড়া ঈদগাহও পরিদর্শন করেন। তিনি জানান, নগরীর ছয়টি ঈদগাহে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বাকিগুলো স্থানীয়ভাবে ঈদগাহ কমিটি তাদের নির্ধারিত সময়ে ঈদ জামাত আয়োজন করবে।
ঈদগাহ পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন উপস্থিত ছিলেন।