নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের মালিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি। ফলে এগুলো কারা সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে থাকতে পারে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলেও ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ সাধারণ ডায়েরি (জিডি) মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।