নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শাহাজাহান আলী এবং তার ছেলে রিদওয়ান ইসলাম (ওরফে হৃদয়)।
র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই বাড়িতে মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।