নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি ও সাধারণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী বিনোদপুর(আমজাদের মোড়) আয়োজিত এ প্রেসব্রিফিংয়ে শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় এবং দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্যে শ্রমিক প্রতিনিধি মোঃ স্বপন জানান, গতকাল সাধারণ শ্রমিকদের একটি সমস্যা নিয়ে আলোচনার জন্য তিনি শ্রমিক নেতা ফেরদৌসের কাছে গেলে সমাধানের পরিবর্তে তাকে এবং সঙ্গে থাকা শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা সেদিনই বিক্ষোভে নামেন।
তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার জেরে আজ বিকেল ৫টার দিকে ফেরদৌসের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী বাহিনী সাধারণ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ইউনিয়নের বর্তমান নেতৃত্বের পদত্যাগ দাবি করে শ্রমিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন। তাদের দাবি, অভিযুক্ত ফেরদৌস ও তার সহযোগী রফিকুল ইসলাম পাখিসহ সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করতে হবে এবং ইউনিয়নে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

দাবি মানা না হলে আগামীকাল থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে শ্রমিকরা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ইউনিয়নকে “সন্ত্রাসমুক্ত” করা হবে।
এ সময় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রী মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।