মোঃ জয়নাল আবেদিন জয়, চীফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের সংকট নিরসনে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব লায়লা নূর তানজু। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে তিনজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে বাজারে অবৈধভাবে তেল মজুদ করা হচ্ছে কি না তা যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের বিস্ফোরক লাইসেন্স নবায়ন, খোলা তেল বিক্রি বন্ধ রাখা এবং তেল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত তেল ক্রয় না করে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান সহকারী কমিশনার (ভূমি)।