নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারীকে বোয়ালিয়া মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত ২২ জুনের বদলি আদেশের পর মঙ্গলবার (২৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
এ বদলির মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো বোয়ালিয়া মডেল থানার মতো গুরুত্বপূর্ণ থানায় একজন নারী অফিসার ইনচার্জ দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি শাহমখদুম ও এয়ারপোর্ট থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।
দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নবাগত ওসি মাছুমা মুস্তারীকে ফুলেল শুভেচ্ছা জানায় রাজশাহী প্রেসক্লাব। মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন-এর নির্দেশনায় প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বোয়ালিয়া মডেল থানায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার (রাতুল), মোঃ লিয়াকত আলীসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকরা নবাগত ওসির সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবার মান উন্নয়নে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে বোয়ালিয়া মডেল থানার জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় নবনিযুক্ত ওসি মাছুমা মুস্তারী রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "পুলিশ জনগণের বন্ধু। আইন সবার জন্য সমান। জনগণের সহযোগিতা নিয়েই বোয়ালিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে থাকব। নারী, শিশু ও অসহায় মানুষের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি আরও কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি।"
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা ও মতবিনিময় শেষে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।