নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী প্রবেশের সন্দেহকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রুমে অনুমতি ছাড়া তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অপপ্রচারের অভিযোগ তুলেছেন, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে নিয়মবহির্ভূত বলে অসন্তোষ প্রকাশ করেছে।
শনিবার (১১ এপ্রিল) হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবার রহমান বলেন, এ ধরনের কোনো তল্লাশির বিষয়ে তিনি অবগত নন। তার ভাষ্য, হলে তল্লাশি চালানো হলে তা অবশ্যই প্রশাসনের মাধ্যমেই হওয়া উচিত।
জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী ওই হলে একটি কক্ষে তল্লাশি চালান।
ওই কক্ষের শিক্ষার্থী আলিম মৃধা অভিযোগ করেন, ভোরে ইসরাফিলসহ কয়েকজন জোরে দরজায় ধাক্কা দেন। দরজা খুলতে দেরি হওয়ায় তারা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে নারী থাকার অভিযোগ তোলেন। তবে তল্লাশিতে কাউকে না পেয়ে তারা চলে যান।
তিনি আরও দাবি করেন, কিছু না পাওয়ার পরও তার ও তার রুমমেটের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে ইসরাফিল হোসাইন বলেন, একটি সূত্র থেকে হলে নারী প্রবেশের তথ্য পেয়ে তারা যাচাই করতে যান। তবে সেখানে গিয়ে কোনো কিছু পাওয়া যায়নি।
এ বিষয়ে হল সংসদের ভিপি ও হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক বলেন, ফজরের আগে একজন নারী হলে প্রবেশ করেছেন—এমন তথ্য পেয়ে তিনি জিএস ও এজিএসকে বিষয়টি জানান। পরে তারা গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। গভীর রাত হওয়ায় এবং পরিস্থিতি বড় আকার না নেওয়ার জন্য প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি বলেও তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, হল সংসদ বা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর কক্ষে তল্লাশি চালানো নিয়মবহির্ভূত। এ ঘটনায় হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
‘মব’ তৈরি করে শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে তিনি আরও বলেন, অতীতে এমন ঘটনা ঘটেছে। তবে বর্তমান প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে এবং কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না।