নিজস্ব প্রতিবেদক: সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশে বাসভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এতে আপাতত যাত্রীদের স্বস্তি ফিরলেও পরিবহন খাতের বাড়তি ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালিকরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এ নির্দেশনা দেন। তিনি বলেন, ‘সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না।’ তিনি আরও জানান, যাত্রীদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার ফলে পরিবহন খাতে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে মালিকরা আর্থিক চাপের মুখে পড়েছেন।
সাইফুল আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে বাসভাড়া সমন্বয় করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’
এদিকে, মালিক সমিতি জানিয়েছে—যাত্রীসাধারণের স্বার্থে আপাতত সরকার নির্ধারিত ভাড়াই বহাল থাকবে। তবে বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।