নিজস্ব প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় পৃথক অভিযানে কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনু এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাহিদুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কলম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাহিদুল ইসলাম মানিক এলাকায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে পরিচিত। এছাড়া তিনি চামারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে মইনুল হক চুনু কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।