নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সমৃদ্ধ ও সচেতন। শিক্ষা মানুষের চিন্তা-চেতনা, মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি তৈরি করে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজশাহীর তাহেরপুর কলেজ চত্বরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তাহেরপুর কলেজের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যা নয়, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এরশাদ আলী ঈশা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবেই একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ক্রীড়াঙ্গন প্রসঙ্গে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, আধুনিক স্টেডিয়াম নির্মাণ, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গঠনের অন্যতম উপায়। তাই জাতীয় উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়াকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সামসুর রহমান মিন্টু। স্বাগত বক্তব্য দেন মো. নজরুল ইসলাম মন্ডল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহেরপুর কলেজের শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা।