নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আটক মাহফুজুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার বাসিন্দা এবং শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে শুল্ক ও রাজস্ব ফাঁকি দিয়ে ট্রাকের যন্ত্রাংশের একটি চালান দেশে প্রবেশ করেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল পিরোজপুর এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ট্রাকে থাকা পাথরের স্তূপের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রায় ১০ টন পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমানকে আটক করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর একদিন আগে শুক্রবারও সোনামসজিদ এলাকায় একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছিল বিজিবি। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।