
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর নানকিং দরবার হলে দিনব্যাপী এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. কেরামত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতির গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম জোরদারের মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সংগঠনের ভিত্তি মজবুত করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো জরুরি, আর শিক্ষা শিবির এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষা শিবিরে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও মো. শাহাদাৎ হোসাইনসহ অন্যান্য নেতারা।
