
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। সমাবেশ সফল করতে এবং জনসাধারণকে অবহিত করতে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, আগামী ১৬ মে বিকেল ৩টায় মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের কাছে তাদের দাবি ও বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বক্তারা তিনটি মূল দাবি তুলে ধরেন। সেগুলো হলো— গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা।
নেতারা বলেন, বর্তমানে দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এ অবস্থার পরিবর্তন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। তাই জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনার প্রয়োজন রয়েছে। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। শেষে আগামী ১৬ মে মাদ্রাসা ময়দানের সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, মহানগর সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
