
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় মাত্র ৪৫০ টাকার বিরোধকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ফয়সাল আলী জয় (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল আলী জয়ের বাবার নাম মোন্তাজ আলী। পেশায় অটোরিকশা চালক ফয়সালের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ মে আশিকুর রহমান তার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন। সোমবার সকাল ১০টার দিকে সেই টাকা ফেরত চাইতে আশিকুরের বাড়িতে যান ফয়সাল। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে ফয়সাল বাড়ি থেকে চলে যান। বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় ফের দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তখন ফয়সাল ছুরি দিয়ে আশিকুরের বাম পাজরে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।