
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০ থেকে ৫০ জন বিক্ষোভকারী মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ম্যুরালে কালি লেপনের ঘটনার প্রতিবাদ জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও বিচারের দাবি জানান। তবে কর্মসূচিতে কারা নেতৃত্ব দিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের দৃশ্য দেখা গেছে। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদারও তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কর্মসূচির একটি ভিডিও শেয়ার করেছেন।
স্থানীয়রা জানান, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দুর্বৃত্তরা কালি লেপন করে। পরদিন রাতে কয়েকজন ব্যক্তি ম্যুরালটি পরিষ্কার করার কাজ করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “শুনেছি কিছু লোক মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে।