প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ
তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।নৌপুলিশ জানায়, তাহসিফ সাউরি পানিতে ডুবে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে এক সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নৌপুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নৌপুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |