প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
বাঘায় অবৈধ সার-বালু ও মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ এমপি চাঁদের
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক তকী ফয়সাল তালুকদারের সঙ্গে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, অবৈধ পুকুর খনন ও বালু উত্তোলন, মাদক ব্যবসা এবং ইমো হ্যাকিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ: সভায় আবু সাঈদ চাঁদ বলেন, বাঘার বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছেন। সাধারণ কৃষকদের স্বার্থে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি প্রতিটি দপ্তর থেকে সাধারণ মানুষ যাতে যথাযথ সেবা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অবৈধভাবে পুকুর খনন, বালু উত্তোলন, মাদক ব্যবসা এবং ইমো হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়েও বক্তব্য দেন। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছে।‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি নয়’: জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে আবু সাঈদ চাঁদ বলেন, আওয়ামী লীগকে তাঁরা পছন্দ করেন না, বিএনপিও পছন্দ করে না। অতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাসহ দেশ ছেড়ে যাওয়া নেতাদের দেশে ফেরার প্রত্যাশা করে পোস্ট দিচ্ছেন। এ ধরনের স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না বলেও মন্তব্য করেন তিনি। ‘সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই’: নবাগত ইউএনও তকী ফয়সাল তালুকদার বলেন, সবার সহযোগিতা নিয়ে সরকারের কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চান তিনি। সবাইকে নিয়ম-নীতির মধ্যে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর কোনো অনিয়ম থাকলে সংশ্লিষ্টরা যেন তাঁকে তা শুধরে দেওয়ার সুযোগ দেন। মতবিনিময় সভায় বাঘার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা কামাল হোসেন, তফিকুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তোজাম্মল হক, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, শামীম সরকার, জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সাইফুল ইসলাম, এনসিপি নেতা বাদশা আলম, অধ্যক্ষ আব্দুর রব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ও পূজা উদযাপন পরিষদের নেতা অপূর্ব কুমার সাহাসহ অনেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. আসাদুজ্জামান আশাদ, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অবসরপ্রাপ্ত কর্মচারীদের চেক বিতরণ: একই দিন রহমতুল্লাহ বালিকা উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে অবসরকালীন ও মৃত্যুবরণকারী কর্মচারীদের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সভায় জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |