প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
রাজশাহী-থেকে-জাপানে-জনশক্তি-রপ্তানি-বিনিয়োগে-নতুন-দুয়ার-রাসিক-প্রশাসকের-সঙ্গে-জাপানি-ব্যবসায়ী-প্রতিনিধিদের-বৈঠক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো এবং রাজশাহীতে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবনে প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের দপ্তরে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয় উঠে আসে। বৈঠকের শুরুতে প্রতিনিধি দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। মতবিনিময়ে রাজশাহীর দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিকে জাপানের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি, ম্যাংগো প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন এবং স্বাস্থ্যসেবা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন এবং তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো একটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন আশাবাদী। জাপানের প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো. জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |