প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
চলন্ত ট্রেনেই তেল চুরি, হরিয়ানে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে যুক্ত দুটি ওয়াগন থেকে তেল চুরির এ ঘটনা ঘটে। চুরির দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরগতিতে চলার সময় কয়েকজন ব্যক্তি ওয়াগন থেকে জগের মাধ্যমে তেল তুলে জারে ঢালছেন। পরে জারগুলো নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। মাত্র তিন মিনিটের যাত্রাবিরতির মধ্যেই তেল চুরির কার্যক্রম শুরু হয় বলে ভিডিওতে দেখা যায়। এমনকি ট্রেন চলতে শুরু করার পরও কয়েকজনকে তেল নিয়ে নামতে দেখা যায়। তবে এ ঘটনায় ঠিক কত পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনের পাওয়ার কারে ব্যবহারের জন্য তেল সরবরাহ করা হয়। তেল দেওয়ার পর দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হচ্ছিল। হরিয়ান স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির সময় ওই ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিয়ান স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই তেল চুরির ঘটনা ঘটছে। স্থানীয় হরিয়ানা বাজারের হায়দার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে চুরি করা তেল কেনার অভিযোগও রয়েছে। মঙ্গলবারের ঘটনায় তাঁর ছেলেকেও ঘটনাস্থলে দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তেল চুরির ঘটনায় রেলওয়ের ওয়েম্যান কিরন আলী, তাঁর ভাই নয়ন আলী, মিলন, আল-আমিন, নাহিদ ও রক্সির নাম স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে। তাঁদের বাড়ি স্টেশনের আশপাশের এলাকায়। কিরন আলী নেসকোর কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের টিএলআর ওয়েম্যান হিসেবেও কর্মরত বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে রিপন নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি শুধু প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তেল চুরির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তবে তাঁকে ভিডিওতে দেখা গেছে জানানো হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, এ ঘটনায় রেলওয়ের ভেতরের কিংবা বাইরের যেই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |