প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
এসএসসি: রাজশাহী বোর্ডে ৯৮ হাজার ৭১০ খাতা চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। তিনি বলেন, কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করেছেন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ১১৩ জন। ফল বিশ্লেষণে দেখা যায়, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসির ফল সবচেয়ে খারাপ হয়েছে। ২০২০ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৬ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট। পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন জানান, গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। তিনি বলেন, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। অন্যান্য বিষয়েও আবেদন এসেছে। তবে আবেদনগুলো বিষয় কোড অনুযায়ী হওয়ায় এই মুহূর্তে কোন বিষয়ে কতটি আবেদন পড়েছে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |