প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
১২৫ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল আরএমপি
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এস. এম. জার্জিস কাদির আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ফোনটি আবার ফিরে পাবেন—এমন আশা তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় ফোনটি ফিরে পেয়ে তিনি আনন্দিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা চক্রবর্তী বলেন, সাধারণ ডায়েরির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। পুলিশের এমন আন্তরিক ও জনবান্ধব সেবার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটি ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি এতে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, পাসওয়ার্ড ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্যও ঝুঁকির মধ্যে পড়ে। তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সাধারণ ডায়েরির তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে নিয়মিত কাজ করছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ কমিশনার আরও বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারে বিভিন্ন প্রযুক্তিগত ও বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। অনেক ক্ষেত্রে একটি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। এ সময় তিনি মোবাইল ফোন ব্যবহারে নাগরিকদের আরও সতর্ক থাকার পাশাপাশি ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ও আইএমইআই নম্বর সংরক্ষণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, দীন মোহাম্মদ ও আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |