প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, প্রেমিকের সঙ্গে যাওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী ও দুই বছরের সন্তানকে রেখে জয়নব আক্তার বিউটি (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তাঁর গর্ভে আরও একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্বামী। নিখোঁজের ঘটনায় গৃহবধূর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও জয়নবের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুই বছরের শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন তার বাবা। মায়ের জন্য শিশুটি কান্নাকাটি করছে বলেও জানিয়েছেন স্বজনরা। জিডি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জয়নব আক্তার বিউটি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। জয়নব ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে জয়নব অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তাঁর স্বামী। পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এ নিয়ে স্বামী তাকে একাধিকবার নিষেধ করায় তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হতো। জুয়েল রানার দাবি, শামীমের সঙ্গে কথিত সম্পর্কের জেরেই জয়নব বাড়ি থেকে চলে যেতে পারেন। জুয়েল রানা বলেন, “শামীমের সঙ্গে আগে থেকেই তার যোগাযোগ ছিল। নিষেধ করলেই পারিবারিক দ্বন্দ্ব হতো। আমাদের একটি সন্তান রয়েছে, আরেকটি সন্তান তার গর্ভে। সে শামীমের সঙ্গে চলে গেছে বলে আমি মনে করছি।” জয়নবের বাবা জয়নাল আবেদীন বলেন, “শুনেছি, যে ছেলের সঙ্গে সে গেছে, সে আমার জামাইয়ের বন্ধু। এখন পর্যন্ত তাদের কোনো খবর পাইনি। যোগাযোগ করার মতো তাদের ফোন নম্বরও আমাদের কাছে নেই।”তবে জয়নব আক্তার বিউটি বর্তমানে কোথায় রয়েছেন, তিনি কারও সঙ্গে গেছেন কি না কিংবা স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |