প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে জবাই করা অবস্থায় আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |