প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়তে স্কাউটিংয়ের বিকল্প নেই - ইউএনও উম্মে হাবিবা"
জয়, চীফ রিপোর্টার: শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ স্কাউটস উপজেলা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। দুর্গাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা স্কাউট কমিশনার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি উম্মে হাবিবা ফারজানা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মাহাবুব হাসান, দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক আবু আরিফ রুবেল এবং পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কুমার গোস্বামী। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব লিডার এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউট লিডাররা সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা, আত্মনির্ভরতা ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে। ভবিষ্যতে দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরিতেও স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব রয়েছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত স্কাউট ও কাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকহারে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মন বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে স্কাউটিংয়ের বিকল্প নেই। দুর্গাপুরে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশেই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে তারা মানুষের সেবায় এগিয়ে আসা, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা পায়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও কাব কার্যক্রম আরও জোরদার করা, নিয়মিত কার্যক্রম পরিচালনা, স্কাউট ও কাব লিডারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের অধিকহারে স্কাউটিংয়ের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অংশ নেওয়া শিক্ষক ও স্কাউট নেতারা দুর্গাপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমের বিস্তার ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |