প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
আমবাগানের পুঁইশাক ক্ষেতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমাসদৃশ বস্তু!
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় একটি আমবাগানের পুঁইশাকের ক্ষেত থেকে ১৬টি ককটেল ও চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির একটি অপারেশন দল। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণে ওই আমবাগানে অভিযান চালানো হয়। এসআরবি-৫ সূত্রে জানা যায়, অভিযানকালে মো. জাহাঙ্গীর মন্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে দুটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হলে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে কসটেপে মোড়ানো ১৬টি ককটেল এবং অপর একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানির অপারেশন দল এসব বিস্ফোরকসদৃশ আলামত উদ্ধার করে। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ জানায়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |