প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
৯ মাসে ডেঙ্গুর থাবা, রামেকে ৯০১ ভর্তি—মৃত্যু ১৩
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরের নয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০২ জন। এ সময়ে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮৬ জন। হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভর্তি রোগীদের অধিকাংশই প্রাপ্তবয়স্ক। ৯০১ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগী ৮৩৩ জন, যা মোট রোগীর প্রায় ৯২ দশমিক ৫ শতাংশ। শিশু রোগী ছিলেন ৬৮ জন, অর্থাৎ প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে পুরুষ ৬১০ জন এবং নারী ২২৩ জন। তবে শুধু হাসপাতালের ভর্তি-তথ্যের ভিত্তিতে পুরুষদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রকৃত ঝুঁকি নারীদের তুলনায় বেশি—এমন সিদ্ধান্তে আসা যায় না। কর্মস্থলে অবস্থান, চলাফেরা, মশার সংস্পর্শ এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রবণতাসহ বিভিন্ন সামাজিক ও আচরণগত কারণ এ ব্যবধানের পেছনে ভূমিকা রাখতে পারে। আগস্টে হঠাৎ বেড়েছিল ডেঙ্গুর চাপ রামেক হাসপাতালে আগস্টে ডেঙ্গু রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মাসের শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন ৮ জন। ৩০ আগস্ট এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ জনে। অর্থাৎ এক মাসে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছিল ৪২ জন। শুধু আগস্টের ২৯ দিনেই নতুন করে ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ সময়ে ১৭৬ জন ছাড়পত্র পেয়েছেন এবং দুজনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে সাত দিনে ভর্তি ১৯৭ সেপ্টেম্বরেও রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে ১৯৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯৩ জন। এ সময়ে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সাত দিনের হিসাবে ১৯ সেপ্টেম্বর ২০ জন, ২০ সেপ্টেম্বর ৩১ জন, ২১ সেপ্টেম্বর ২৬ জন, ২২ সেপ্টেম্বর ২৯ জন, ২৩ সেপ্টেম্বর ২৪ জন, ২৪ সেপ্টেম্বর ৪২ জন এবং ২৫ সেপ্টেম্বর ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর একদিনেই সর্বোচ্চ ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে যথাক্রমে ১২, ১৮, ২৭, ২৫, ২৫, ৪৬ ও ৪০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বিভাগজুড়েও ডেঙ্গুর বিস্তার বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে চাঁপাইনবাবগঞ্জে ৬৪৩ জন, সিরাজগঞ্জে ৩৬৩ জন, বগুড়ায় ১৬৫ জন, নাটোরে ৫৬ জন, পাবনায় ৪২ জন, নওগাঁয় ৪১ জন, রাজশাহীতে ২৫ জন এবং জয়পুরহাটে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। শকে মৃত্যু, চিকিৎসাধীন ৮৬ নয় মাসে রামেক হাসপাতালে ভর্তি ৯০১ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, মৃতদের কয়েকজনের ক্ষেত্রে ডেঙ্গুজনিত গুরুতর জটিলতা, বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোমের কথা উল্লেখ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগে ২২ সেপ্টেম্বর এ সংখ্যা ১০৭ জনে পৌঁছেছিল। পরবর্তী সময়ে রোগী ভর্তি ও সুস্থ হয়ে ছাড়পত্র নেওয়ার ধারাবাহিকতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে ৮৬ জনে দাঁড়ায়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে ৪০ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |